ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (চট্টগ্রাম-৪ আসন) ভোট দেন তিনি। এসময় তার সঙ্গে ছেলে ইসরাফিল খসরু উপস্থিত ছিলেন।
ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের আমীর খসরু বলেন, "দেশের প্রতিটি সংকট উত্তরণে বিএনপি সবসময় নেতৃত্ব দিয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে নির্যাতন করে নির্বাসনে পাঠিয়েও দমানো যায়নি। তিনি আজ দেশের ক্রান্তিলগ্নে হাল ধরেছেন এবং গোটা দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে।"
তিনি আরও বলেন, "এই ভোটের মাধ্যমে আগামীতে বাংলাদেশে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং এই নির্বাচন সেই যাত্রার একটি বড় অংশ।"
ভোটের পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আমীর খসরু বলেন, "মানুষ নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। ভোট দেওয়া জনগণের মৌলিক অধিকার। এই অধিকার রক্ষায় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সজাগ থাকতে হবে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে। আমি যে কয়টি কেন্দ্রে গিয়েছি, সবখানেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানুষ উৎসবের আমেজে ভোট দিতে আসছে।"
ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ম মেনেই চলছে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, দিনের শুরুটা শান্তিপূর্ণ হলেও সার্বিক পরিস্থিতির প্রকৃত চিত্র দিন শেষে পরিষ্কার হবে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments