ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমানের বড় জয়, জামানত হারালেন ৭ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী জাহিদুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান মাস্টার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল নিশ্চিত করেছেন।
নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন। জাহিদুর রহমানের বড় জয়ের বিপরীতে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বাকি সাতজন প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, প্রদত্ত ভোটের একটি নির্দিষ্ট অংশ (আট ভাগের এক ভাগ) না পাওয়ায় তাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ। লাঙ্গল প্রতীকে তিনি ২৭ হাজার ১৩৩ ভোট পেলেও জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় ভোট পাননি।
জামানত হারানো অন্য প্রার্থীরা হলেন— বাংলাদেশ ইসলামী আন্দোলনের আল আমিন (হাতপাখা) ১২৯৫ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী (কাস্তে) ১৫৪৮ ভোট, গণ অধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন (ট্রাক) ৫২৫ ভোট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কমলাকান্ত রায় (রকেট) ৬৮০ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী (একতারা) ৫০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) ২৭৯ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের খলিলুর রহমান (হারিকেন) পেয়েছেন মাত্র ১১৩ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আসনটিতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জাহিদুর রহমানের এই বড় বিজয়কে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments