ব্রাহ্মণবাড়িয়ায় ‘আসল’ ও ‘ভুয়া’ র্যাবের মুখোমুখি লড়াই
র্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গ্রেপ্তারের আগে ওই যুবক সাদা পোশাকে থাকা প্রকৃত র্যাব সদস্যকেই হুমকি দিয়ে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) জানতে পারে যে, বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাসানি এলাকায় এক ব্যক্তি নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। খবর পেয়ে বিকেল ৫টা ১০ মিনিটে র্যাবের একজন সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যুবক নিজেকে র্যাব সদস্য দাবি করে এবং উল্টো প্রকৃত র্যাব সদস্যকেই হুমকি দিতে থাকে। পরে বিকেল ৫টা ৫০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে অভিযুক্ত যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মিঠুন মিয়া (৩০)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত মিঠুন মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব পরিচয়ে এ ধরনের প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments