চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর কাছ থেকে এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ফখরুদ্দিন পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শাহজাহান চৌধুরী নিজ বাসভবনে অবস্থান করছিলেন। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীকে জানানো হয়। পরে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। তল্লাশিকালে তার মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments