Image description

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের বাড়ির একটি তালাবদ্ধ ঘর আসবাবপত্রসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাজপুর গ্রামের ওই বাড়িতে বর্তমানে পরিবারের কেউ বসবাস না করায় ঘরগুলো তালাবদ্ধ থাকে। সোমবার গভীর রাতে হঠাৎ বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসী প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে একটি আধাপাকা ঘরের কক্ষ ও ভেতরে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ দাবি করেন, এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। তিনি বলেন, “বাড়িতে কেউ না থাকায় ঘরগুলো তালাবদ্ধ থাকে। আমাদের ধারণা, পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এতে আমাদের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার হাসানুজ্জামান শাহীন জানান, বাড়ির সামনে রাখা খড় থেকে আগুনের সূত্রপাত হয়। বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ছড়িয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর