ফুলপুর-এ সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শেরপুর–ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, সকালে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্প কার্যক্রম শেষে ফুলপুর থেকে ময়মনসিংহে ফিরছিলেন। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের থ্রি-টন ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং প্রায় ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে থ্রি-টনের চালক সার্জেন্ট রেজাউল করিম ও বাসচালক আব্দুল বাসেত (৫০) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments