Image description

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দেড় বছর ধরে বন্ধ থাকা এবং সরকারি নিষিদ্ধ অবস্থার মধ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় ব্যানার টানানোর অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে ঘটে। এ সংক্রান্ত দুই মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, গোপালপুর থানা গেট থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত কার্যালয়ের প্রধান ফটকের সামনে ১০–১৫ জন নেতাকর্মী জড়ো হন। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে তাঁরা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার টাঙানো হয়।

সাইফুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেন।

সকাল ১০টার পর কিছু বিক্ষুব্ধ ব্যক্তি গিয়ে ওই ব্যানার খুলে ফেলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় একদল বিক্ষুব্ধ ব্যক্তি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেন। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল বলেন, ফজরের নামাজের সময় চুপিসারে এসে নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত মন্তব্য করেছেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গোপালপুরকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভোররাতে কয়েকজন এসে পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/আরআই