Image description

জাতীয় নির্বাচনের পরেরদিন থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটছে। এবার প্রায় ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 

বৃহস্পতিবার জাতীয় পতাকা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জেলা শহরের ব্যাংক পাড়া এলাকায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি একটি লাঠিতে করে জাতীয় পতাকা টানাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন। তবে মূল কার্যালয় এখনও বন্ধ আছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জে দলটির নেতাকর্মীরা বিভিন্ন মামলায় গ্রেফতারের আশঙ্কায় গা ঢাকা দেন। এরপর থেকে টানা ১৯ মাস ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় তালাবদ্ধ রয়েছে। ফলে সেখানে দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে এখনও কারাগারে জেলার বহু নেতাকর্মী।  

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) মুহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। এটি খতিয়ে দেখা হবে।’