গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিয়াকৈর থানা সংলগ্ন পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ব্যক্তির পরনে ছিল নেভি ব্লু রঙের কলারযুক্ত হাফ হাতা গেঞ্জি। তাঁর মুখে হালকা দাড়ি ও গোঁফ ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ব্যক্তিকে এর আগে এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি প্রায়ই একা একা ইংরেজিতে কথা বলতেন বলে তারা লক্ষ্য করেছেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, "নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments