Image description

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৪৮) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেওটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান শ্রীনগর উপজেলা কৃষি অফিসে গত ১৩ বছর ধরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে জিয়াউর রহমান একটি খাল খনন কর্মসূচির সাইট পরিদর্শন শেষে নিজ অফিসে ফিরছিলেন। কেওটখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে পড়ে যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, জিয়াউর রহমান অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা ছিলেন। তার এই অকাল মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় কৃষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর