সাভারে পক্ষাঘাতগ্রস্তদের নিয়ে বিএনপি নেতার ব্যতিক্রমী ইফতার মাহফিল
সাভারে পবিত্র রমজান মাস উপলক্ষে পক্ষাঘাতগ্রস্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়ে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি নেতা ওবায়দুল রহমান অভি। সোমবার বিকেলে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন ও পুনর্বাসিত চার শতাধিক মানুষের জন্য এই মানবিক আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর উপস্থিত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, “রমজানের এই পবিত্র মাসে পক্ষাঘাতগ্রস্তদের মনে আনন্দ ছড়িয়ে দেওয়া একটি অত্যন্ত মহৎ কাজ। ওবায়দুল রহমান অভির মতো সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে সিআরপির রোগীদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।”
ইফতার সামগ্রী বিতরণ শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়দুল রহমান অভি বলেন, “সিআরপি আমাদের সাভারের জন্য একটি গর্বের প্রতিষ্ঠান। এখানকার রোগীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মানসিক শক্তি অপরিসীম। প্রতি বছর আমরা চেষ্টা করি পবিত্র রমজানের আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নিতে।” তিনি ভবিষ্যতেও সিআরপির রোগীদের কল্যাণে এবং সাভারের অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার মাহফিলে সিআরপির প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments