Image description

গাইবান্ধার সাদুল্যাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর