Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর লাশ ঘরে তালাবদ্ধ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারচান্দুরা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত ফেরদৌস মিয়া (৩৫) ওই গ্রামের সমসু মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসের সঙ্গে তার চতুর্থ স্ত্রী তাছলিমা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সোমবার দুপুরে তাদের মধ্যে পুনরায় তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাছলিমা ধারালো অস্ত্র দিয়ে ফেরদৌসের বুকে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ড শেষে অভিযুক্ত স্ত্রী ঘরের দরজায় তালা লাগিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ সাহা জানান, হাসপাতালে আনার আগেই ফেরদৌসের মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুর ইসলাম জানান, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত স্ত্রী তাছলিমা বেগম বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর