অষ্টগ্রামে প্রবাসীর স্ত্রী ও সাংবাদিক নির্যাতনকারী সেই জামাল মেম্বার গ্রেপ্তার
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বহুল আলোচিত ও বিতর্কিত ব্যক্তি জামাল মেম্বারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে অষ্টগ্রাম থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রী মিনারা বেগমকে (২৫) মারধর, শ্লীলতাহানি, বসতবাড়িতে ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে জামালের বিরুদ্ধে মামলা ছিল। এছাড়া এলাকায় সরকারি জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে জামাল ও তাঁর সহযোগীদের হাতে তিন সাংবাদিক বর্বরোচিত হামলার শিকার হন। ওই ঘটনায় দৈনিক ইনকিলাবের অষ্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক নাদিরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিলেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রবাসী গৃহবধূ নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় জামাল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালেই তাঁকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।”
উল্লেখ্য, জামালের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রভাবশালী অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments