সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল রানা নামের আরেক এএসআই গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বারাইকান্দি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গড়বিশুদিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। বারাইকান্দি এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে আতিকুর রহমানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করার পাশাপাশি এর চালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সালকে (২১) আটক করেছে পুলিশ। আটককৃতদের বাড়ি ফেনী জেলায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments