Image description

খুলনার দিঘলিয়া উপ‌জেলার সেনহা‌টি ইউনিয়নে প্রতিপক্ষের ছু‌রিকাঘা‌তে খান মুরাদ নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার সেনহা‌টি বক্সীবা‌ড়ি কবরস্থা‌নের সাম‌নে এ ঘটনা ঘটে। 
নিহত মুরাদ সেনহাটি ইউনিয়ন যুবদ‌লের সি‌নিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি স্থানীয় হাজী গ্রামের বা‌সিন্দা খান মুনসুর আহ‌মে‌দের ছে‌লে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বি‌কেল সা‌ড়ে ৪টার দিকে ১০ থে‌কে ১৫ জন মুরা‌দের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য এক‌টি দোকা‌নে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই দোকা‌নের তালা ভে‌ঙ্গে দোকা‌নের ভেতর ঢুকে ছু‌রি দি‌য়ে দুই হাটুর নিচের রগ কে‌টে দেয়।
স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ কম‌প্লেক্স ও পরবর্তী‌তে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে এলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত  নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত। পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।