চাঁদপুরে প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা অবস্থায় পুত্রবধূ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে ঢুকে পারুল বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘর থেকে পুত্রবধূ হালিমা আক্তারকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার সকালের মধ্যে কোনো এক সময় নতুন হাপানিয়া গ্রামের ওই প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম মৃত লনু প্রধানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী সাহেরা বেগম ওই বাড়িতে বিদ্যুৎ বিলের কাগজ নিতে যান। বাড়ির উঠানে নিহত বৃদ্ধার নাতি-নাতনিদের কাছে বড়দের খোঁজ করলে তারা জানায়, ‘দাদু ও মা মারা গেছে’। এ কথা শুনে সাহেরা বেগম ঘরে ঢুকে পারুল বেগমের নিথর দেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন এবং অন্য কক্ষে পুত্রবধূ হালিমা আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।
আহত হালিমা আক্তার জানান, শুক্রবার এশার নামাজের কিছুক্ষণ পর ৩-৪ জন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মূল্যবান মালামাল লুট করে। পরে পাশের কক্ষে থাকা তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে তিনি আতঙ্ক ও যন্ত্রণায় অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব বলেন, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments