ঝিনাইদহ সদরে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী মোল্লা ব্রিক্স নামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন বিষয়খালী বাজার সংলগ্ন কানুহরপুর হাজী আলী আক্কাস দাখিল মাদ্রাসার ছাত্র ছিল। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকটি সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামপাড়িয়া গ্রামের ইটভাটা শ্রমিক শাহিন হোসেনের ১৩ বছর বয়সী ছেলে হুসাইন সকালে বাবাকে ভাত দিয়ে বাড়ি ফিরছিল। পথে মহাসড়কের খড়িখালী এলাকার ইটভাটার সামনে পৌঁছালে খড়ি বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments