বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন করলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার
বসন্তের আগমনী গান আর পলাশ-শিমুলের রক্তিম আভায় সেজেছে প্রকৃতি। এরই মাঝে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে শুরু হয়েছে চা শ্রমিকদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ফাগুয়া’ বা দোল পূর্ণিমা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আলীনগর চা বাগানে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাস।
উৎসবস্থলে পৌঁছালে চা শ্রমিকদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী প্রথায় উত্তরীয় পরিয়ে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর শিব মন্দিরে পূজা অর্চনা শেষে মূল অনুষ্ঠান মঞ্চে যোগ দেন অতিথিরা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরীর সভাপতিত্বে এবং সজল কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল, সিলেটে ভারতীয় ডেপুটি হাই কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ ভাটিয়া এবং আলীনগর চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম রানা।
অনুষ্ঠানের শুরুতে রোহিত কৈরী জীবন তাঁর স্বরচিত গান পরিবেশন করেন। এরপর চা শ্রমিকদের চিরায়ত ঐতিহ্যবাহী ঝুমুর ও কাটি নাচ পরিবেশিত হয়। চা শ্রমিকদের প্রাণবন্ত এই সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে শ্রী অনুরুদ্ধ দাস বলেন, “সিলেটে দায়িত্ব নেওয়ার পর এটাই আমার প্রথম ফাগুয়া উৎসবে অংশগ্রহণ। চা শ্রমিকদের এই উৎসবে এসে আমার মনে হচ্ছে যেন নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছি।” তিনি চা শ্রমিকদের সমৃদ্ধ সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন এবং এসব ঐতিহ্যবাহী শিল্পীদের সিলেটে ভারতীয় হাই কমিশনে আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চা শ্রমিক নেতৃবৃন্দের গালে ও কপালে আবিরের রঙ ছড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। আবিরের রঙে রাঙানো আলীনগর চা বাগান যেন এক সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনোৎসবে পরিণত হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments