Image description

নীলফামারীর জলঢাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি পরিচয় দিয়ে নকল ঔষধ বাজারজাত করার অপরাধে মৃনাল অধিকারী (৩০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২ মার্চ) রাতে জলঢাকা উপজেলা শহরের ‘অনিন্দ্য ফার্মেসি’তে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।দণ্ডিত মৃনাল নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানি এলাকার প্রতাপ চন্দ্র অধিকারীর ছেলে।

আদালত সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে মৃনাল নিজেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি পরিচয় দিয়ে ‘জিম্যাক্স-৫০০’ (Zimax-500) নামক এন্টিবায়োটিক ঔষধের ৪৮টি নকল বক্স বিক্রি করতে ওই ফার্মেসিতে আসেন। এ সময় ফার্মেসির স্বত্বাধিকারী ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) উপজেলা সভাপতি মাহবুবার রহমান মনির সন্দেহ হয়। তিনি মৃনালকে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে তার জালিয়াতি ধরা পড়ে। পরে বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মৃনাল তার অপরাধ স্বীকার করলে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া স্কয়ার কোম্পানিকে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহদি হাসান উপস্থিত ছিলেন।

এদিকে বিসিডিএস জলঢাকা উপজেলা সভাপতি মাহবুবার রহমান মনি অভিযোগ করে বলেন, "নকল ঔষধসহ বিক্রেতাকে আটকের পর জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিতা রায়কে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু তিনি একে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান, যা অত্যন্ত দুঃখজনক।"

মানবকণ্ঠ/ডিআর