Image description

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) তিন থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ একযোগে ১৭ জন পুলিশ পরিদর্শকের পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের পক্ষে উপ-পুলিশ কমিশনার মোঃ জাহিদ হোসেন ভূঞার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, টঙ্গী পশ্চিম, কোনাবাড়ি ও গাছা থানার দায়িত্বে থাকা ওসিদের সরিয়ে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১৪ জন পরিদর্শকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে কর্মরত পরিদর্শক মোঃ ওয়াহিদুজ্জামানকে গাছা থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহীন খাঁনকে বদলি করে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার তদন্ত পরিদর্শক মোঃ ইফতেখার হোসেনকে কোনাবাড়ি থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

কোনাবাড়ি থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে জিএমপির সদর দপ্তরের মিডিয়া শাখায় বদলি করা হয়েছে। গাছা থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামানকে পাঠানো হয়েছে গোয়েন্দা শাখার উত্তর বিভাগে। জিএমপির সদর দপ্তরের মিডিয়া শাখার পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমানকে টঙ্গী পশ্চিম থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে জিএমপির সদর দপ্তরে কর্মরত পরিদর্শক মোঃ মনিরুজ্জামানকে গোয়েন্দা শাখার উত্তর বিভাগে এবং পরিদর্শক ফরিদ আহমেদকে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে বদলি করা হয়েছে।

দীর্ঘদিন পর পূবাইল থানায় পরিদর্শক (তদন্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিককে পূবাইল থানার তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পরিদর্শক মোঃ আব্দুল আউয়াল সরদারকে গাছা থানার তদন্ত পরিদর্শক, পরিদর্শক মোঃ জিল্লুর রহমানকে টঙ্গী পূর্ব থানার তদন্ত পরিদর্শক এবং পরিদর্শক তরিকুল ইসলামকে কাশিমপুর থানার তদন্ত পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পরিদর্শক দেব দুলালকে গোয়েন্দা শাখার দক্ষিণ বিভাগে, পরিদর্শক ইমানুর রহমানকে টঙ্গী পশ্চিম থানার তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিদর্শক শাহ্ ফরিদ আহমেদকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখায়, পরিদর্শক শহিদুল ইসলামকে ট্রাফিক শাখার উত্তর বিভাগে এবং আরেক পরিদর্শক শহিদুল ইসলামকে ট্রাফিক শাখার দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৫ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানার ওসি পদে একযোগে রদবদল করা হয়েছিল।