Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় বসবাসকারী হত্যা মামলার এক আসামি মফিদুল ইসলাম (৫৮) ও নীলা ইসলাম (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) সোনারগাঁ থানার মদনপুরের ইস্ট টাউন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার বিষ্ণাদী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতায় বসবাস করে বিভিন্ন স্থানে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সে বিভিন্ন নারীদের সঙ্গে একাধিক পরকীয়া করে আসছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও হত্যাসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি মফিদুল ইসলাম বিয়ের প্রলোভনের বিরোধকে কেন্দ্র করে মাদারীপুর জেলার চরফকিরা গ্রামের খালেক মিয়ার মেয়ে রূপগঞ্জের সিনহা গার্মেন্টস কর্মী সালমা আক্তারকে(২৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পুলিশ তার মরদেহ তারাবো পৌরসভার পদ্মা টেক্সটাইলের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করে। রূপগঞ্জ থানার মামলা নম্বর-২(৩)২০০৬। মফিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা রয়েছে।  মামলা নম্বর-৩৮(২)২০২৬।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, গ্রেপ্তার দুইজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।