ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
রোববার সকাল ৬টার দিকে রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী গাছবোঝাই একটি ট্রাকের হঠাৎ চাকা খুলে যায়। পরে ট্রাকটির চালক মহাসড়কের রাজৈরের আলমদস্তার এলাকায় সেটি সড়কের পাশে পার্কিং করে রাখেন। এ সময় অপর একটি দ্রুতগতির ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ইসমাইল হোসেন (১৮) নিহত হন। তিনি ওই ট্রাকের চালকের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক রাসেল হোসেন। হতাহতরা নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং যান চলাচল পুনরায় চালু করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




Comments