রাজশাহীতে চাঁদা না পেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় ভুক্তভোগী কর্মকর্তার হাতের রগ কেটে গেছে বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে রাজশাহী রাজপাড়া থানার ৫ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কর্মকর্তার নাম ইসরাফিল হক (৬০)। তিনি বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত। অভিযুক্ত মিম (২৬) রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগী ইসরাফিল হকের স্ত্রী নাসরিন আক্তার অভিযোগ করে বলেন, "আমরা ওই এলাকায় একটি বাড়ি নির্মাণ করছি। দীর্ঘদিন ধরে মিম ও তার সহযোগীরা বিভিন্ন কায়দায় আমাদের বাধা দিয়ে আসছে। তারা কখনো পাথর বা বালুর সাপ্লাই দেওয়ার কাজ দাবি করে, আবার কখনো রাস্তা নোংরা করার অজুহাতে মোটা অঙ্কের টাকা দাবি করে। মূলত কাজ দেওয়ার নামে তারা আমাদের ওপর জোরপূর্বক হস্তক্ষেপ করতে চেয়েছিল।"
তিনি আরও জানান, অভিযুক্তরা বিভিন্ন সময়ে ৫০ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করেছে। আজ ইফতারের ঠিক আগ মুহূর্তে চাঁদা না দেওয়ার জেরে মিম তার সহযোগীদের নিয়ে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়।
আহত কর্মকর্তার ভাতিজা মনিরুল হক অঞ্জন জানান, আজ সকালে স্থানীয়দের নিয়ে এসব বিষয়ে আলোচনার পর একটি সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল। বিকেলে তার চাচা (ইসরাফিল হক) বাড়ির কন্ট্রাক্টরের সাথে কথা বলতে বাইরে গেলে মোহন নামের একজনের আদেশে মিম, তৌকির ও মোহন হটাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, হামলার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি ও যাতায়াতের রাস্তা নিয়ে ইসরাফিল হকের সাথে প্রতিবেশী মোহনের দীর্ঘদিনের বিরোধ ছিল। তবে চাঁদা দাবির বিষয়ে তারা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। গুরুতর আহত অবস্থায় ইসরাফিল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments