Image description

মাদারীপুর পৌর শহরের লক্ষ্মীগঞ্জ এলাকার নতুন মাদারীপুরে শাকিল মুন্সি হত্যাকাণ্ডের জেরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে হাসান মুন্সির সমর্থক ও আক্তার হাওলাদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টর্চের আলো জ্বালিয়ে দফায় দফায় অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। 

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ফোর্স নিয়ে পৌঁছে যাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এদিকে, সংঘর্ষের ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।