চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শুরু হয়েছে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে সমস্ত আস্তানা।
সোমবার (৯ মার্চ) ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরে অভিযান শুরু করে যৌথবাহিনী।
সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট এলাকাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটিই সবচেয়ে বড় অভিযান।
জানা যায়, অভিযানে ৫৫০ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ৮শ পুলিশ সদস্য, ৩৩০ এপিবিএন, ৪শ র্যাব, ১২০ বিজিবি, ১৫ এপিসি, তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে।
জানা গেছে, সোমবার রাতেই জঙ্গল সলিমপুরের সবগুলো প্রবেশমুখ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরের ভেতরে ঢুকে পড়ে বাহিনীর সদস্যরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান শুরু হয়েছে যা মঙ্গলবার বিকেল পর্যন্ত চলবে বলে জানা যায়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল সকালে সংবাদমাধ্যমকে জানান, যৌথ বাহিনীর প্রায় চার হাজার সদস্য অভিযানে অংশ নিচ্ছেন। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে।
গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় হামলায় এক র্যাব সদস্য নিহত হন। আহত হন আরও তিনজন।
নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত ৩ হাজার ১শ একর জায়গাজুড়ে জঙ্গল সলিমপুর এলাকার অবস্থান। পাহাড় কেটে বানানো এই খাসজমির বাজার মূল্য বর্তমানে কয়েক হাজার কোটি টাকা। প্রায় ২ দুই যুগের বেশি সময় ধরে জঙ্গল সেলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।




Comments