ধানের শীষে ভোট দিতে না দেওয়ায় বিষপান করা সেই গৃহবধূর পাশে প্রধানমন্ত্রী
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানকারী গোলাপি বেগম নামে এক গৃহবধূর পাশে দাঁড়িয়েছে সরকার। গোলাপি বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গৃহবধূ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তার খোঁজখবর নিতে এবং ঈদ উপহার পৌঁছে দিতে রোববার (৮ মার্চ) গোলাপি বেগমের বাড়িতে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্বামীর বাধার মুখে অভিমান করে বিষপান করে আত্নহত্যার চেষ্টা করেন গোলাপি বেগম। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গোলাপি বেগমের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। সেই পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও বিশেষ উপহার নিয়ে গুজিয়া মাঝপাড়া গ্রামে গোলাপি বেগমের বাড়িতে উপস্থিত হন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী গোলাপি বেগম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এসময় তিনি গোলাপি বেগমকে নিজের বোন হিসেবে সম্বোধন করেন এবং ভবিষ্যতও তার পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।




Comments