হবিগঞ্জের মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় জিহান মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহান মিয়া ওই এলাকার মো. সুবেল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিহান মিয়া বাড়ির পাশের সড়কের ধারে অবস্থান করছিল। এ সময় একটি মাটিবাহী বেপরোয়া গতির ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকায় অবাধে ও বেপরোয়া গতিতে মাটিবাহী ট্রাক্টর চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। যথাযথ তদারকি না থাকায় প্রায়ই এমন প্রাণহানির ঘটনা ঘটছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments