Image description

গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক বিরোধের জেরে দাফনের তিন বছর এক মাস পর ছোট বোনের মরদেহ কবর থেকে তুলে অন্যের জমিতে পুনরায় দাফন করার এক নজিরবিহীন ও অমানবিক ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) পলাশবাড়ী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাঁশকাটা এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর এক মাস আগে ওই নারীর মৃত্যু হলে তাকে তার বড় ভাইয়ের মালিকানাধীন জমিতে দাফন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে ওই পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা ও অন্যান্য বিষয় নিয়ে তীব্র পারিবারিক কলহ চলছিল। অভিযোগ উঠেছে, এই বিরোধের জেরে বড় ভাই ক্ষুব্ধ হয়ে তার নিজের জমি থেকে বোনের মরদেহ সরিয়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার স্থানীয়দের কয়েকজনের উপস্থিতিতে গোপনে কবর খুঁড়ে মরদেহের অবশিষ্টাংশ ও হাড়গোড় উত্তোলন করা হয়। পরবর্তীতে সেগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে এলাকার অন্য এক ব্যক্তির জমিতে পুনরায় দাফন করা হয়। তিন বছর পর মৃত ব্যক্তির কবরের সাথে এমন আচরণে হতবাক প্রতিবেশী ও এলাকাবাসী।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের মৃত্যুর পর সব শত্রুতার অবসান হয়। কিন্তু কবরের সাথে এমন অমানবিক আচরণ সমাজ ও ধর্মের পরিপন্থী। জমির জন্য নিজের বোনের লাশের সাথে এমন কাজ করা কল্পনা করাও কঠিন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। ওই পরিবারের সদস্যদের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে অভিযুক্ত বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

মানবকণ্ঠ/ডিআর