নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে জালকুড়ি এলাকার ‘বৃষ্টিধারা’ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত এবং এতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, অন্তত ২ থেকে ৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। তার পরনে ছিল কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি। শরীরে পচন ধরার কারণে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments