Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যামিলি কার্ড হচ্ছে শক্তি। এই কার্ড আপনাদের সেই ক্ষমতা দেবে, যা দিয়ে আপনারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এটি কেবল আর্থিক সুযোগ নয়, বরং একজন নারী হিসেবে পরিবারে আপনার অবস্থান সুদৃঢ় করবে।”

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে জেলা প্রশাসন আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণ করছে। সারাদেশের মধ্যে প্রাথমিকভাবে ১৪টি ইউনিয়নে আমরা এই কার্যক্রম শুরু করেছি। তবে পর্যায়ক্রমে প্রতিটি যোগ্য পরিবার এই কার্ড পাবে। এমনকি জেলা প্রশাসক নারী হওয়ায় তিনিও এই কার্ড পাবেন। এটি প্রত্যেক ঘরে পৌঁছানো শুধু সময়ের ব্যাপার। তাই কেউ হতাশ হবেন না, ধৈর্য ধরুন।”

নিজের নির্বাচনী এলাকা ও উন্নয়নের কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুতই চালু হবে। মেডিকেল কলেজের আইন পাস হয়েছে, আগামী অর্থবছর থেকেই ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও দ্রুত শুরু করার প্রক্রিয়া চলছে।”

এলাকার অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এই অঞ্চল কৃষিপ্রধান। তাই এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে যাতে স্থানীয়দের কর্মসংস্থান হয়। এছাড়া শিক্ষিত যুবক-যুবতীদের আইটি ট্রেনিং দেওয়া হবে, যাতে তারা ঘরে বসেই বিপুল অর্থ উপার্জন করতে পারে।”

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে মন্ত্রী বলেন, “মাদক বর্তমানে বড় সমস্যা। শুধু পুলিশ দিয়ে এটি নির্মূল সম্ভব নয়, মা-বাবা ও সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের যুবকদের রক্ষা করতে মাদককে ‘না’ বলতে হবে।”

নিজের ব্যক্তিগত অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “অন্যদের মতো আমার ঢাকা বা বিদেশে কোনো বাড়ি-গাড়ি করার মোহ নেই। আমি আমৃত্যু আপনাদের পাশে থেকে জনগণের সেবা করে যেতে চাই।”

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন ও রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হান্নু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর