মিরপুরের আগুনে প্রাণ হারালেন বিমানবাহিনীর সদস্য অনন্যা
রাজধানীর মিরপুরে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যার (২৪) মৃত্যু হয়েছে। প্রিয় মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিচু কলোনি বিমানবন্দর পূর্বপাড়া এলাকায় বইছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অনন্যার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় শোকাবহ পরিবেশ। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। কেউই বিশ্বাস করতে পারছেন না, চার বছর আগে দারিদ্র্য জয় করে বিমানবাহিনীতে যোগ দেওয়া সেই হাসিখুশি মেয়েটি আর ফিরে আসবে না।
পারিবারিক সূত্রে জানা যায়, সৈয়দপুর নিচু কলোনি এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের বড় মেয়ে আয়েশা সিদ্দিকা অনন্যা চার বছর আগে বাংলাদেশ বিমানবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। তাঁর এই চাকরির সুবাদেই অভাবী পরিবারটিতে সচ্ছলতার আলো ফুটেছিল। সোমবার (৯ মার্চ) দুপুরে অনন্যা মিরপুর-২ এলাকার একটি ১১ তলা বাণিজ্যিক ভবনের শপিং মলে গিয়েছিলেন। সেখানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনন্যার চাচা আবুল কালাম আজাদ জানান, বিমানবাহিনী কর্তৃপক্ষ থেকে ফোন পেয়ে অনন্যার বাবা-মা ও ছোট বোন দ্রুত ঢাকায় যান। রাতে তাঁরা হাসপাতাল থেকে অনন্যার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি আক্ষেপ করে বলেন, “আমরা খুব গরিব মানুষ। অনন্যা চাকরি পাওয়ার পর আমাদের পরিবারটা একটু ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।”
ফুফু ফরিদা পারভীন বুলবুলি কান্নজড়িত কণ্ঠে বলেন, “অনন্যাকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসতাম। ওকে ছাড়া আমাদের পরিবার এখন অন্ধকার।”
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, “আমরা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। প্রশাসনের পক্ষ থেকে তাদের কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”
স্বজনরা জানিয়েছেন, বিমানবাহিনীর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অনন্যার মরদেহ সৈয়দপুরে আনা হবে। পরে স্থানীয় কবরস্থানে নানির কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, সোমবার দুপুরে মিরপুর-২ এলাকার একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় বিমানবাহিনীর এই সদস্য মৃত্যুবরণ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments