Image description

পবিত্র ঈদুল ফিতরের বাজারকে সামনে রেখে দেশি শাড়ি ও থ্রি-পিসকে ‘ইন্ডিয়ান’ বলে বেশি দামে বিক্রির অভিযোগে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) তিনটি কাপড়ের দোকানকে জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি বেকারিকেও দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে হিলি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে হিলি বাজারে নিয়মিত তদারকি চালানো হয়। এসময় দেখা যায়, কয়েকটি দোকানে দেশি কাপড়কে ভারতীয় বলে ক্রেতাদের কাছে অধিক মুনাফায় বিক্রি করা হচ্ছে। এই প্রতারণার দায়ে মেসার্স মা গার্মেন্টস, মেসার্স লাবণ্য ফ্যাশন ও সুমী গার্মেন্টসকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে পাবনা বেকারিকে ৮ হাজার টাকা এবং হিলি বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মোট পাঁচটি প্রতিষ্ঠানে অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, “প্রতিবছর ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে দেশি কাপড়কে বিদেশি বলে চালিয়ে দেন। ক্রেতাদের সাথে এই প্রতারণা বন্ধে কাপড়ের দোকানগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে।”

মানবকণ্ঠ/ডিআর