Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে ড্রাম ট্রাকের ধাক্কায় মো. কামাল উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটায় বড়তাকিয়া-জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের নিপপন ইস্পাত কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক খলিল হাওলাদারকে আটক করেছে পুলিশ।

নিহত কামাল উদ্দিন মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক এবং খইয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন ব্যবসায়িক কাজে নিজে গাড়ি চালিয়ে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে নিপপন ইস্পাত কারখানার সামনে গাড়িটি পার্কিং করে তিনি ভেতরে অবস্থান করছিলেন। এ সময় একটি দ্রুতগতির ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর প্রাইভেট কারের সামনের দিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি স্টিয়ারিংয়ের সাথে আটকা পড়েন।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খইয়াছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামান জানান, দুর্ঘটনায় কামাল উদ্দিনের মাথা ও কোমরের নিচের অংশে গুরুতর আঘাত লেগেছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ঘাতক ড্রাম ট্রাকের চালক খলিল হাওলাদারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/ডিআর