রায়গঞ্জে বিএনপি নেতার ইফতার কার্যক্রমে বাধা, শ্রমিক দল নেতার পদ স্থগিত
সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক এক ইউনিয়ন শ্রমিক দলের নেতাকে সব পদ থেকে স্থগিত করেছে।
অভিযোগ উঠেছে, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু কর্তৃক আয়োজিত ইফতার বিতরণ কার্যক্রমে গোলযোগ সৃষ্টি ও বাধা প্রদান করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে ঘুরকা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনের সকল পদ স্থগিতের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জেলা নেতার ইফতার বিতরণ কার্যক্রমে গোলযোগ সৃষ্টি করায় তাঁকে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং কোনো দলীয় কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন না।
স্থানীয়রা জানান, রাকিবুল করিম খান পাপ্পুর অর্থায়নে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচিতে কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শ্রমিক দল নেতা মুক্তার হোসেনের কার্যক্রমে বাধা ও গোলযোগের অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে স্থগিতাদেশ দেওয়া হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিষয়টি জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।




Comments