ঝিনাইদহে ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত ৫০
ঝিনাইদহের শৈলকুপায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের দুস্থদের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ডের অংশ দাবি করেন যুবদল নেতা শামীম হোসেন লস্কর। এ নিয়ে দুই জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
ঘটনার মীমাংসার জন্য ওইদিন সন্ধ্যায় স্থানীয় মাতব্বররা সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন কথা কাটাকাটির এক পর্যায়ে সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments