Image description

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুরটিতে মাছ ধরার জন্য বৃহস্পতিবার রাতে সেচ মেশিন বসিয়ে পানি কমানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানি কমে গেলে স্থানীয় জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিতে পুকুরের কচুরিপানা সরাতে শুরু করেন। এসময় একটি মরদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, উদ্ধার হওয়া মরদেহটি প্রায় এক মাস আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পানির নিচে থাকায় মরদেহটি পচে অর্ধগলিত হয়ে গেছে, যার ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর