অভিমান করে বাপের বাড়ি চলে যাওয়া স্ত্রীকে শত চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারেননি স্বামী ওমর ফারুক (৩২)। সেই ক্ষোভে ও অভিমানে শ্বশুরবাড়িতেই বিষপান করে আত্মহত্যা করেছেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাদ্দামপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ওমর ফারুক নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে ওমর ফারুকের বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জেরে গত কয়েকদিন আগে তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। শুক্রবার সকালে ওমর ফারুক তার মা রাশেদাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি ঝিনাইদহে যান।
সেখানে স্ত্রীকে বাড়ি ফেরার অনুরোধ জানালে তিনি স্পষ্ট জানিয়ে দেন আর ফিরবেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চরম অভিমানে সবার অগোচরে অতিরিক্ত পরিমাণে ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করেন ফারুক।
গুরুতর অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন তাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। তবে পরিবারের সদস্যরা তাকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথেই তার মৃত্যু হলে মরদেহ নিজ গ্রাম লালপুরের মোহরকয়াতে ফিরিয়ে আনা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments