বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। একই প্রজ্ঞাপনে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বিলকিস জাহান শিরিনের নিয়োগের খবরে বরিশাল নগরীর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ নগরবাসী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে নগরীর নারী সমাজ মনে করছে, একজন নারী প্রশাসক হওয়ায় নগরীর নারীদের সমস্যাগুলো এবার আরও গুরুত্বের সাথে বিবেচিত হবে।
এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সরকার ও দলীয় প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনগণের সেবা করার জন্যই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আমি সততার সাথে দায়িত্ব পালন করে নগরবাসীকে একটি সুন্দর ও উন্নত শহর উপহার দেব।”
অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ চার দশকের। ১৯৮৪ সালে ব্রজমোহন (বিএম) কলেজ রাজনীতিতে যোগদানের মাধ্যমে তার হাতেখড়ি। তিনি ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে এজিএস নির্বাচিত হন। পরবর্তীতে তিনি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এবং অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments