Image description

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় পৌর শহরের উপজেলা সড়কের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতার ওহিদুল উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওহিদুল উপজেলা সড়কের ‘মনিরুল ভ্যারাইটিজ স্টোর’ নামের একটি দোকানে ১৪ হাজার টাকা বিকাশ করতে যান। টাকাগুলো হাতে নিয়ে দোকান মালিক মনিরুলের সন্দেহ হলে তিনি সেগুলো জাল হিসেবে শনাক্ত করেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন। এ সময় ওহিদুলের সহযোগী ও জাল নোট চক্রের মূল হোতা হিসেবে পরিচিত মেহেদী হাসান (২৮) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ সদস্যরা মাঠে তৎপর রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মানবকণ্ঠ/ডিআর