চাঁদার দাবিতে হাতুড়িপেটা, উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
বরিশালের উজিরপুরে চাঁদার দাবিতে এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। গ্রেপ্তার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের মৃত হামেদ সরদারের ছেলে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি মনির সরদারকে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম নামের এক ব্যবসায়ী উজিরপুরের শোলক ইউনিয়নে চুক্তিভিত্তিক বালু ভরাটের কাজ করছিলেন। গত ৪ জানুয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। নিরুপায় হয়ে ব্যবসায়ী তিন দফায় ১ লাখ টাকা পরিশোধ করেন। তবে বাকি ১ লাখ টাকার জন্য গত ১৩ মার্চ দুপুরে অভিযুক্তরা ড্রেজার মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মনির সরদারকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments