Image description

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির ছক্কু। রবিবার (১৫ মার্চ) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। হুমায়ুন কবির ছক্কু রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেসবুকে দেওয়া লিখিত বার্তায় তিনি উল্লেখ করেন, “আমি মো. হুমায়ুন কবির (ছক্কু), সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ রাজীবপুর উপজেলা শাখা। শারীরিক অসুস্থতার কারণে আমি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আমি দলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না।”

এদিকে তার এই পদত্যাগের ঘোষণায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের ধারণা, মূলত ইউপি চেয়ারম্যান পদটি রক্ষা এবং আইনি জটিলতা এড়াতেই তিনি এই কৌশলগত পথ বেছে নিয়েছেন। জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিভিন্ন রাজনৈতিক মামলায় তিনি কারাগারে ছিলেন এবং বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, দলের এই দুঃসময়ে পদত্যাগ করে নিজেকে নিরাপদ রাখাই তার মূল উদ্দেশ্য হতে পারে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে তিনি রাজনৈতিক পরিচয় থেকে দূরে থাকার এই ঘোষণা দিয়েছেন বলে তারা মনে করছেন।

এ বিষয়ে অধিকতর তথ্যের জন্য হুমায়ুন কবির ছক্কুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বিস্তারিত বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মানবকণ্ঠ/ডিআর