Image description

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় প্রকাশ্য দিবালকে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল নেতা রাশিকুল আনাম রাশুকে (৩৫)। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরস্থ কেডিএ কল্পতরু মার্কেটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। কিছুদিন ধরে তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি কল্পতরু মার্কেটে ইট, বালি ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতা-কর্মীরা ছুটে আসেন। এসময় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।