Image description

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। টহল দলটি সীমান্ত পিলার ৬৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের রাসেলের পুকুরের পাশে ওত পাতে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করা হয়। উদ্ধার করা এই পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৫ লাখ ৪১ হাজার টাকা।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর