Image description

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪২৯ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে শারজাহ থেকে আগত এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৩ এর দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে কাস্টমস হলে অভিযান পরিচালনা করে। এ সময় দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৪২৯ কার্টন সিগারেট (মন্ড) উদ্ধার করা হয়।

সিগারেট বহনের সঙ্গে জড়িত দুই যাত্রী হলেন; চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হাসান মিয়া (পাসপোর্ট নম্বর এ-০৬৪৩২৫৯৬ এবং কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমুল করিম (পাসপোর্ট নম্বর এ-১৮৫৬৯৮৯০)।

তথ্যটি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, 'দুই যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার হওয়া সিগারেট থেকে সরকারি রাজস্ব হিসেবে ৮ লাখ ৫৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে জব্দ করা সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করা হয়েছে এবং তা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে।'

তিনি আরও বলেন, 'দুই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।'