Image description

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় জমে উঠেছে ঈদবাজার। রোজার প্রথম সপ্তাহ থেকেই উপজেলার বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের কেনাকাটায় নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে উপজেলার বিভিন্ন বস্ত্রবিতান ও পোশাকের দোকানগুলোতে। এ বছর মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি স্টাইলের ‘ফারসি’ সেলোয়ার-কামিজ। অন্যদিকে ছেলেদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ইন্ডিয়ান ওয়াশ স্টাইলের শার্ট-প্যান্ট। এছাড়া শাড়িপ্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে ইন্ডিয়ান তসর, কাতান ও ধুপিয়ান শাড়ি।

সরেজমিনে বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, বাউফল পৌরশহর, কালাইয়া বন্দর, কালিশুরী, বগা বন্দর, কনকদিয়া, কাছিপাড়া ও নওমালা বাজার এলাকার বিপণি বিতান গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে। দোকানিরা ব্যস্ত সময় পার করছেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক দেখাতে ও বিক্রি করতে।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজার শুরুতে ব্যবসায়ী ও গৃহস্থালি পরিবারের ক্রেতাদের উপস্থিতি বেশি থাকলেও চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে চাকরিজীবী পরিবারের ক্রেতাদের আনাগোনা বেড়েছে। তাদের ধারণা, বেতন-ভাতা ও ঈদ বোনাস পাওয়ার পর চাকরিজীবীরা ঈদের কেনাকাটায় বাজারে নেমেছেন।

উপজেলার বাজারে মোকলেচ মার্কেটের নগর পল্লি গার্মেন্টস গিয়ে দেখা যায়, দোকানিদের দম ফেলার সময় নেই। ক্রেতারা নিজ নিজ পছন্দ অনুযায়ী পোশাক বেছে নিচ্ছেন। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা পাকিস্তানি স্টাইলের ফারসি সেলোয়ার-কামিজের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। অন্যদিকে তরুণদের পছন্দের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ওয়াশ স্টাইলের শার্ট-প্যান্ট।

কালাইয়া বন্দরের ‘বি কে বস্ত্রালয়’-এর স্বত্বাধিকারী শ্যামল কর্মকার বলেন, “এবার ইন্ডিয়ান তসর, কাতান ও ধুপিয়ান শাড়ির নতুন ডিজাইনগুলো ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।”

কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা দেশীয় নি¤œমানের পোশাককে পাকিস্তানি বা চায়না পণ্য বলে বেশি দামে বিক্রি করছেন। পাশাপাশি পোশাকের মানের তুলনায় অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগও রয়েছে কয়েকটি দোকানের বিরুদ্ধে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও পোশাকের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।