বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরেরা অত্যন্ত কৌশলে মূল্যবান তামার তার লুট করে নিয়ে গেছে।
জানা গেছে, সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে ঝোড়ো বৃষ্টির সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সেই সুযোগ নেয় চোরচক্র। ঘুটঘুটে অন্ধকারে তারা বাড়ির সীমানায় প্রবেশ করে মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির নিরাপত্তার জন্য চারপাশেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে। তবে চোরচক্র অত্যন্ত পরিকল্পিতভাবে ক্যামেরার নজর এড়িয়ে এই চুরি সংঘটিত করেছে। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খোদ আইজিপির বাড়িতে চুরির ঘটনায় জেলা পুলিশ অপরাধীদের শনাক্তে তৎপর হয়ে উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে শহরের এক ভাঙ্গারি দোকানিকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চুরি করা তার ওই দোকানে বিক্রি করা হয়ে থাকতে পারে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, “আইজিপি মহোদয়ের পৈতৃক বাড়িতে চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments