ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী ও এক বৃদ্ধ প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, ‘দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে।’
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দ্রুত তৎপরতার কারণে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments