Image description

বন্দরনগরী চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার (২১ মার্চ) সকালে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রামের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রধান জামাত সকাল ৮টায় শুরু হয়। এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

এই জামাতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, এরশাদ উল্লাহ এবং নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতা ও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি।

একই স্থানে সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আরও একটি বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চসিকের তত্ত্বাবধানে নগরীর লালদীঘি শাহি জামে মসজিদ, চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ ও চকবাজার চসিক জামে মসজিদসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর প্রতিটি জামাত স্থলেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

মানবকণ্ঠ/ডিআর