কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনার ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আখাউড়া থেকে আসা একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাকবলিত 'ঢাকা মেইল' ট্রেন ও রেললাইনে আটকে থাকা বাসটিকে সরিয়ে নিলে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় সচল হয়।
এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনটি। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে ঠেলে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
ভয়াবহ এই দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ৯টা), নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত কারো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments